Saturday, 15 August 2020

শ্রীল প্রভুপাদ ব্যাসপূজা শ্রদ্ধাঞ্জলী, ২০২০


শ্রীল প্রভুপাদ পদে করি বারংবার ।

সহস্র অযুত লক্ষ্য কোটি নমস্কার ।।

তব আবির্ভাব তিথির পুনঃ আবির্ভাব ।

কিরূপে জানাব মোর নিকৃষ্ট স্বভাব ।।

জড়বদ্ধ-মায়ামুগ্ধ-ক্লেশক্লিষ্ট আমি ।

বাহিরে বিরক্তভাব হৃদে সদা কামী ।।

কত-শত-কোটি জীবের অজ্ঞান-অন্ধকার ।

তবকথার তরবারি করেছে ছারখার ।।

কিন্তু আমি পাপী ছার জগতে বিশেষ ।

অত কথা শুনিয়াও নাহি ভাবলেশ ।।

তুমি কত যত্ন করি বোঝাও বারেবার ।

আমি তত নির্লিপ্ত হই থাকি নির্বিকার ।।

তব কথার নাহি দোষ, সঞ্জবনী সুধা ।

ছিদ্রযুক্ত পাত্রে বারি নাহি রহে কদা ।।

সাধনেতে উদাসীন সাধ্যে নাহি রতি ।

শুষ্ক তর্কে টানাটানি সদাই নষ্টমতি ।।

কবে দৃঢ়ব্রত লইয়া করিব আচার ।

বুঝিব বিচার তব বলিষ্ঠ প্রচার ।।

পদ্মমুখ মূর্খ অতি, তোমার পদতলে ।

নির্লজ্জ হইয়া নিজ দুঃখগাঁথা বলে ।।


বিনয়াবনত,
পদ্মমুখ নিমাই দাস

শ্রীধাম মায়াপুর, ১৩ই আগস্ট, ২০২০

No comments:

Post a Comment