Wednesday, 8 April 2020

শ্রীল গুরুদেব ব্যাসপূজা শ্রদ্ধাঞ্জলি - ২০১৭

সুবিশাল, সুগভীর, সংসার সমুদ্র ।
ভয়ানক তিমিঙ্গল, সুউচ্চ তরঙ্গ ।।

দুর্লভ মনুষ্যদেহ, সুদৃঢ় তরণী । 
অনুকূল বায়ু তাতে ভগবানের বাণী ।।

শ্রীগুরু কাণ্ডারি কৃপা করিয়া অপার । 
প্রতিশ্রুতি দিয়াছেন করিবেন পার ।।

কিন্তু জলের তৃষ্ণা আমার প্রবল এখন । 
তরী হৈতে ঝাঁপ দিতে চাহি অনুক্ষণ । 

রঘুনাথ দাসে শিক্ষা আছিল গােরার । 
অন্তরেতে নিষ্ঠা বাহ্যে লােক-ব্যবহার ।। 

আমার চরিত হয় সদা বিপরীত ।
অগ্নি পানে ধায় কীট ভুলি নিজ হিত ।। 

বাহিরেতে নিষ্ঠা মাের দেখয়ে সকল ।। 
অন্তরেতে বিষয় প্রতি আসক্তি প্রবল ।। 

বিষয়ে আবিষ্ট চিত্ত স্থির নহে কভু ।
প্রভুত্ব করিতে চাহে ভুলি মহাপ্রভু ।। 

নাম, ধাম, সাধু-সঙ্গ, সেবা অধিকার । 
তব অহৈতুকী কৃপায় মিলেছে আমার ।। 

কিন্তু কপটতা পূর্ণ আমার হৃদয় ।
রুচিহীন, অতএব অনর্থ আলয় ।। 

অহৈতুকী কৃপা কবে হইবে এ দাসে । 
নিষ্কপট-কৃষ্ণসেবা করিব উল্লাসে ৷৷

শ্রীগুরু চরণে রতি সেই মহাধন ।
পাইবারে পদ্মমুখ করে নিবেদন ।।

আপনার অযােগ্য শিষ্য, 
পদ্মমুখ নিমাই দাস